
কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কের রেজু খালে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে ভেসে মেহেদি হাসান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিট অফিস এলাকার আঞ্জু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে রেজু খালে গোসল করতে নামেন মেহেদি। এ সময় পানির প্রবল স্রোতে ভেসে যান তিনি। পরে স্থানীয় জেলেরা দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রেজু খালে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।